২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে শিশু ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন

প্রায় দশ বছর আগে রাজবাড়ী সদরের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন খলিল ও নীলচাঁদ।

রাজবাড়ীতে শিশু ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন

জেলা ও দায়রা জজ আদালত রাজবাড়ী

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 06:16 PM

Updated : 07 Sep 2022, 06:16 PM

রাজবাড়ীতে শিশুকে ধর্ষণের দায়ে দুই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে; একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে কারাভোগ করতে হবে আরও দুই বছর।

বুধবার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বুশরা সাইয়েদা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- রাজবাড়ী সদর উপজেলার সানদিয়ারা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩২) ও রহিম শেখের ছেলে নীলচাঁদ (৩০)।

মামলার বরাতে ওই ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি শেখ সাইফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১২ সালের ৬ নভেম্বর দুপুরে সানদিয়ারা গ্রামের ব্র্যাক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী বাড়ির পাশে মাঠে ছাগল নিয়ে যায়। এ সময় খলিল ও নীলচাঁদ শিশুটিকে জোর করে পাশের একটি কলাবাগনে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে খলিল ও নীলচাঁদ পালিয়ে যান।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পরের দিন রাজবাড়ী সদর থানায় খলিল ও নীলচাঁদের বিরুদ্ধে মামলা করেন।

দীর্ঘদিন পর মামলার রায় পেয়ে তারা সন্তুষ্ট বলে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান।