১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জ্বালানিমন্ত্রীকে ‘নাস্তিক’ বলা আমির হামজার গ্রেপ্তারি পরোয়ানা পত্রিকায় প্রকাশের নির্দেশ

আদালতে হাজির না হওয়ায় আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 05:41 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলার জেরে করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার গ্রেপ্তারি পরোয়ানা পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।

রোববার সকালে চৌহালি উপজেলা আমলি আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন বলে জানিয়েছেন মামলার বাদী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।

মন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে ২ এপ্রিল একই আদালতে মামলাটি করেন হুমায়ুন কবির কর্নেল। ওই দিন আদালত সমন জারি করে ২১ এপ্রিল আমির হামজাকে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

হুমায়ুন কবির কর্নেল বলেন, রোববার আদালতে হাজিরার দিন ধার্য থাকলেও আমির হামজা উপস্থিত হননি। তাই আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।

এর আগে একই অভিযোগে ৩০ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন। মামলাটি তদন্ত করছে পিবিআই।

আরও পড়ুন: 

জ্বালানিমন্ত্রীকে ‘নাস্তিক’ বলার মামলায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

'জ্বালানিমন্ত্রী নাস্তিক': আমির হামজার বিরুদ্ধে আরেকটি মামলা

'জ্বালানিমন্ত্রী নাস্তিক': আমির হামজার বিরুদ্ধে মামলা

জ্বালানিমন্ত্রী টুকুকে 'নাস্তিক ও ইসলামবিদ্বেষী' বললেন আমির হামজা