Published : 02 Apr 2026, 04:37 PM
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে আরও একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার আমলি আদালতে মানহানির এই মামলা করেছেন বলে জানিয়েছেন মামলার বাদী জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্ণেল।
তিনি বলেন, “মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রকাশ্যে ‘নাস্তিক’ বলেছেন। যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। এতে আমরা ক্ষুব্ধ হয়েছি। যে কারণে ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করেছি।”
তিনি আরও বলেন, “টাকা দিয়ে মান হয় না, তাই মামলায় টাকার কথা উল্লেখ করা হয়নি।”
তিনি আরও জানান, অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া।
এর আগে সোমবার একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকা মানহানির মামলা করেছিলেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
আগের সংবাদ-
'জ্বালানিমন্ত্রী নাস্তিক': আমির হামজার বিরুদ্ধে মামলা
জ্বালানিমন্ত্রী টুকুকে 'নাস্তিক ও ইসলামবিদ্বেষী' বললেন আমির হামজা