শরণার্থী ক্যাম্পে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন
তাকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজারের উখিয়া উপজেলায় ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা খুন হয়েছেন।
সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
নিহত মোহাম্মদ ইসমাইল ওই ক্যাম্পেরই বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ওসি শামীম বলেন, বিকালে ক্যাম্পের বালির মাঠের পাশ দিয়ে ইসমাইল বাড়ি ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের পাঁচ-ছয়জন তাকে তুলে নিয়ে যায়। পরে বালুর মাঠে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে ফেলে রেখে যায়।
খবর পেয়ে পুলিশের একটি দল ইসমাইলকে উদ্ধার করে। তাকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “নিহতের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”
কারা, কী কারণে এ খুন করেছে পুলিশ নিশ্চিত নয় জানিয়ে তিনি আরও বলেন, “তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
