Published : 21 Jul 2026, 11:22 PM
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৬৫টি কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
পরে বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে কচ্ছপগুলো সালদা নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সালদানদী বিওপির টহল দল শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করে বলে জানান সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।
উদ্ধার করা কচ্ছপগুলোর মধ্যে চারটি বড় আকারের পেপসেল টারটেল এবং ৬১টি ছোট আকারের সন্ধি কাছিম প্রজাতির।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে একটি চক্র কচ্ছপ পাচার করবে- এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কচ্ছপগুলো ফেলে পালিয়ে যায়।
পরে দেশের প্রচলিত আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধিমালা অনুযায়ী বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে কচ্ছপগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থল সালদা নদীতে অবমুক্ত করা হয়।
কচ্ছপ অবমুক্তকরণে কসবা সালদানদী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. মাসুদ, কুমিল্লা সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান অব্যাহত থাকবে।