২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে প্রতিমা ভাঙচুর হয়নি, দাবি পূজা উদযাপন পরিষদের

শনিবার গভীর রাতে শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারের জয় দুর্গা বারোয়ারি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছিল।

শেরপুরে প্রতিমা ভাঙচুর হয়নি, দাবি পূজা উদযাপন পরিষদের
সোমবার শ্রীবরদী উপজেলার শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে সংবাদ সম্মেলন করে জেলা পূজা উদযাপন পরিষদ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 12:31 AM

Updated : 26 Aug 2026, 10:24 AM

শেরপুরের শ্রীবরদীতে শ্রীশ্রী জয়দুর্গা বারোয়ারী মন্দিরে প্রতিমা ভাঙচুর হয়নি বলে দাবি করেছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। 

সোমবার দুপুরে উপজেলা সদরের শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন জেলা পূজা উদযাপন পরিষদ। 

শনিবার গভীর রাতে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারের জয় দুর্গা বারোয়ারি মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ ওঠে। রোববার সকালে মন্দির কমিটির সভাপতি থানায় একটি অভিযোগ দেন।

একদিন বাদে সংবাদ সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্যসচিব সুব্রত চন্দ্র দে স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব দাম ঠান্ডু।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, “শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বাজারে দুইটি মন্দিরের কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব রয়েছে। রোববার সকালে বারোয়ারী মন্দিরের তালার চেইন কেটে আসন্ন দুর্গা পূজার জন্য প্রস্তুতাধীন প্রতিমাগুলো একত্র করে রাখা হয়। পরে খবর পেয়ে জেলা পূজা উদযাপন কমিটির একটি প্রতিনিধি দল সরেজমিন মন্দিরটি পরিদর্শন করে এবং প্রতিমাগুলো অক্ষত অবস্থায় দেখতে পায়। ঘটনাস্থল ভায়াডাঙ্গায় সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। তবে প্রতিমা একত্রে রাখার বিষয়টিকেই গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।” 

বিপ্লব দাম ঠান্ডু দাবি করেন, “ওই মন্দিরে প্রতিমাগুলো একত্র করা হয়েছিল। ওখানে আগুন দেওয়ার জন্য পেট্রোল রেখে দিয়েছিল। কিন্তু আগুন দেয়নি। তার মানে এটা পরিকল্পিত ঘটনা। দুর্গা পূজাকে প্রশ্নবিদ্ধ করতে ও ভয় দেখাতে কিছু দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে এটা ঘটিয়েছে।” 

এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব সুব্রত চন্দ্র দে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “ভায়াডাঙ্গায় দুটি মন্দিরের মধ্যে কোন মন্দিরে দুর্গা পূজার মণ্ডপ হবে সেটি নিয়ে মতবিরোধ ও দ্বন্দ্ব সৃষ্টি হয়। আমি এরই মধ্যে দুপক্ষকেই বলেছি, যাতে নিজেদের মধ্যে সমঝোতা করে। না হলে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সুজিত দাস সুমন, মিঠুন চন্দ্র পাল, রাজন চন্দ্র দাস, শ্রীবরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা সেতু সাহা, রতন কুমার সাহা, নব কুমার সাহা, প্রণব সাহা, ভায়াডাঙ্গা সার্বজনীন পূজা মণ্ডপের সভাপতি সাজু বাসফোর, সাধারণ সম্পাদক বীর গুণ রবিদাস, আপ্যায়ন সম্পাদিকা রিনা রানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, “ভায়াডাঙ্গায় প্রতিমা ভাঙচুরের অভিযোগে সাজু বাসফোর বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার বিষয়ে আজ একটা সংবাদ সম্মেলন করা হয়েছে। উনারা সেখানে যেটি বলেছেন, সেটি আমরা আন্দাজ করেছিলাম। কিন্তু ঘটনা ঘটলে তো মামলা নিতেই হয়। এখন তদন্তে প্রকৃত ঘটনা কী সেটি বেরিয়ে আসবে।”

আরও পড়ুন:

শেরপুরে রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ