শেরপুরে রাতের আঁধারে দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় মন্দিরের দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার গভীর রাতে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারের জয় দুর্গা বারোয়ারি মন্দিরে এ ঘটনা ঘটে বলে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
জয় দুর্গা বারোয়ারি মন্দির কমিটির সাধারণ সম্পাদক সাগর রবিদাস বলেন, “শনিবার রাতে কে বা কারা মন্দিরের তালার চেইন কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমা ভাঙচুর করে।”
স্থানীয় রিনা রাণী রাজভর রায় বলেন, “রোববার সকালে কয়েকজন ছেলে-মেয়েকে দুর্গা প্রতিমা শুকিয়েছে কিনা দেখতে বলি। তারা এসে দেখে মন্দিরের দরজা খোলা ও প্রতিমা ভাঙচুর করা। এ সময় আমিসহ আশপাশের লোকজন এসে প্রতিমা ভাঙা দেখতে পাই। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি জানাচ্ছি।”
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, “মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাজু বাসফোর বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
