Published : 20 Jun 2026, 04:39 PM
যশোরে ৪৯ বিজিবির সদর দফতরের সামনে প্রাইভেট কার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত ২টার দিকে শহরতলীর ঝুমঝুমপুরে নিজেদের দফতরের সামনে যশোর-নড়াইল মহাসড়ক থেকে এসব সোনার বার উদ্ধারের তথ্য শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
আটকরা হলেন, নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া এলাকার মো. আনিস (৩৬)।
বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবির অধিনায়ক সাইফুল আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার করা স্বর্ণের মূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা। এছাড়া জব্দ করা প্রাইভেট কারের মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনের মূল্য ৩৬ হাজার টাকা এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা।
সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।
বিজিবির অধিনায়ক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করেছিলেন। এসব স্বর্ণ যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।