১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে ছাত্রলীগ-যুবলীগের পৃথক মিছিল, আটক ৬

“ভিডিওগুলো সংগ্রহ করে মিছিলকারীদের শনাক্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 06:56 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

শরীয়তপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা পৃথক দুটি মিছিল করেছেন। 

এর মধ্যে শনিবার বিকেলে শরীয়তপুর সদর উপজেলার তুলাশার ইউনিয়নের একটি গ্রামে যুবলীগের মিছিল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। 

রোববার দুপুরে ঢাকা-শরীয়তপুর সড়কের কোটাপাড়া এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেন। ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, আটক ছয়জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজকের মিছিলের বিষয়টিও তদন্ত করা হচ্ছে। 

“ভিডিওগুলো সংগ্রহ করে মিছিলকারীদের শনাক্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

শনিবার বিকেলে তুলাশার ইউনিয়নের একটি গ্রামের সড়কে যুবলীগের নেতাকর্মী ও সমর্থকদের মিছিল করতে দেখা যায়। মিছিলে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শরীয়তপুর সরকারি কলেজের সাবেক সাধারণ

সম্পাদক (জিএস) ইকবাল হোসেন ওরফে রতন। মিছিল শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওসি শাহ আলম বলেন, “মিছিলের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া ছয়জনকে আটক করা হয়।”

আটক ব্যক্তিরা হলেন ফারুক মাতবর, ওমর ফারুক, রাকিবুল সরদার, আসিফ সরদার, বিল্লাল সরদার ও সুজন দেওয়ান। তারা যুবলীগের কর্মী বলে জানা গেছে।

অন্যদিকে রোববার দুপুরে শরীয়তপুরে ঢাকা-শরীয়তপুর সড়কের কোটাপাড়া এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল করেন। মিছিলে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকাও ছিল। 

মিছিলে নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর। জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান সামনে থেকে স্লোগান দেন। অন্য নেতাকর্মী ও সমর্থকেরা তার সঙ্গে স্লোগান দেন বলে পালং মডেল থানার ওসি শাহ আলম জানান।