১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা, ককটেল বিস্ফোরণ, আহত ২

সিসিটিভি ফুটেজে দেখা যায় ডাকাত দলে ছয়জন ছিলেন। তাদের কাছে পিস্তল, রামদা ও লোহার রড ছিল।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 06:20 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

বাগেরহাটের ফকিরহাটে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে ডাকাত দলের হামলায় নারীসহ দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা টের পাওয়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা। 

শুক্রবার রাত পৌনে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাতশৈয়া গ্রামের মাছ ব্যবসায়ী মাহবুব মল্লিকের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মহিতুর রহমান। 

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার দুপুরে বলেন, শুক্রবার রাতে ছয়জনের একটি ডাকাত দল মাহবুব মল্লিকের বাড়ির কলাপসিপল গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা প্রথমে মাহবুবেব বোন রেহানাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। 

পরে অন্য ঘরে ঘুমিয়ে থাকা মাহবুবকে ডেকে তুলে সব নগদ টাকা মালামাল তাদের হাতে তুলে দিতে হুমকি দেয়। মাহবুব বাড়িতে মূল্যবান কিছু নাই বললে ডাকাত দল তাদের কাছে থাকা লোহার রড দিয়ে তাকে মারধর করে।

এসময় রেহানা কৌশলে তার মুখ বাঁধা খুলে ডাকচিৎকার শুরু করলে প্রতিবেশিরা এগিয়ে আসে। তখন ডাকাতদল পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এলাকা থেকে পালিয়ে যায়। 

ডাকাত দলের হামলায় বাড়ির মালিক মাহবুব ও তার বোন রেহানা আহত হয়েছেন। তাদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান এই জনপ্রতিনিধি। 

শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে দেখা যাচ্ছে অপরাধীর সংখ্যা ছয়জন। তাদের কাছে পিস্তল, রামদা ও লোহার রড ছিল। 

অতিরিক্ত পুলিশ সুপার মহিতুর রহমান বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে ফকিরহাট সার্কেলের একজন অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাত দল কোন মালামাল লুট করতে পারেনি। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।