২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে সেচের মেশিন মাথায় নিয়ে তেল পাম্পে কৃষক

কৃষকদের এমন অভিনব কায়দায় তেল সংগ্রহের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 09:32 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

ড্রাম বা বোতলে তেল মিলবে না- এমন ধারণা থেকে সেচ পাম্পের মেশিন মাথায় করে ফিলিং স্টেশনে হাজির হয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার কয়েকজন কৃষক।

কৃষকদের এমন অভিনব কায়দায় তেল সংগ্রহের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এতে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা বলেন, শুক্রবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার ‘মেসার্স চোকদার ফিলিং স্টেশনে’ তেল সংগ্রহ করতে আসেন আলী কাজী, নোয়াব আলীসহ কয়েক কৃষক। এ সময় তারা তেল নেওয়ার জন্য পুরো পাম্প মেশিনটি খুলে নিয়ে আসেন।

কৃষক আলী কাজী বলেন, “শুনেছি ড্রাম বা বোতলে তেল দেয় না। আমাদের তেল লাগবে, তাই সেচ পাম্পের পুরো মেশিন মাথায় করে নিয়ে আসি।”

পাম্পের কর্মচারীরা জানান, সরকারিভাবে কাউকে ড্রামে তেল দেওয়া হয় না, সেই ধারণা থেকেই কয়েকজন কৃষক এই অভিনবপন্থা অবলম্বন করেছেন।

মেসার্স চোকদার ফিলিং স্টেশন পরিচালনাকারী আব্দুল জব্বার বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, পাম্পে বোতলে তেল দেওয়া হয় না- এমন ধারণা থেকে অনেকেই পাম্প মেশিন খুলে তেল সংগ্রহ করতে আসেন। তবে যাদের কৃষি কার্যালয় থেকে তেল নেওয়ার অনুমোদন দেওয়া হয়, তারা চাহিদাপত্র দেখিয়ে ড্রামেও তেল সংগ্রহ করতে পারেন। যারা পাম্প মেশিন নিয়ে এসেছিলেন, তারা হয়ত বিষয়টি জানতেন না।