লক্ষ্মীপুরে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
বিরোধপূর্ণ জমিতে নির্মাণ কাজে বাধা দিলে হামলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের তোরাব মিজি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান রামগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিল।
নিহত তাজুল ইসলাম (৬০) উপজেলার ভাটরা ইউনিয়নের হিরাপুর গ্রামের সাজি বাড়ির বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মিজি বাড়ির মাহফুজের পরিবারের সঙ্গে সাজি বাড়ির তাজুলের পরিবারের বিরোধ চলে আসছিল। এ জমি নিয়ে আদালতে মামলাও চলছে। এদিন সকালে বিরোধপূর্ণ জমিতে মাহফুজের পরিবার ঘর নির্মাণ করতে চাইলে তাজুলের পরিবার বাধা দেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাজুলের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাজুলের ছেলে মো. মামুন বলেন, “তারা আদালতের রায় উপেক্ষা করে বাড়িতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। বাবাসহ আমি বাধা দিতে গেলে তারা হামলা চালায়। এ সময় দেশি অস্ত্র দিয়ে বাবার মাথায় আঘাত করা হয়। এতে বাবা মারা যান।”
এ বিষয়ে মাহফুজ ও তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেও তাদের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর তারা আত্মগোপনে আছেন।
পুলিশ পরিদর্শক আব্দুল জলিল বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
