চুয়াডাঙ্গায় প্রকাশ্যে বিদ্যালয় কর্মচারীকে কুপিয়ে জখম
তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দিনদুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অফিস সহকারীকে কুপিয়ে জখম করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এ হামলার ঘটনা ঘটে বলে মুড়হুদা মডেল থানার ওসি শেখ মিসবাহ উদ্দিন জানিয়েছেন।
আহত হারুন আর রশিদ (৩৮) দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার শাহাজান আলীর ছেলে।
তিনি হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত।
আহত হারুন আর রশিদ বলছেন, সকালে বিদ্যালয়ে দায়িত্ব পালন শেষে নাস্তা করতে বাইরে বের হন। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে হঠাৎ দুই ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তবে কারা বা কী কারণে এ হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি হারুন।
ওসি মিসবাহ উদ্দিন বলেন, জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের দুটি টিম কাজ করছে। হামলার কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
