১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বরিশালে যুবলীগ কর্মী ছেলেকে না পেয়ে বাবাকে তুলে নিল পুলিশ

এ ঘটনায় স্থানীয় এক বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 08:03 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

বরিশালের গৌরনদী উপজেলায় যুবলীগ কর্মী ছেলেকে ধরতে গিয়ে না পেয়ে ব্যবসায়ী বাবাকে তুলে নিয়ে গেছে পুলিশ। এ ঘটনায় ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন। 

শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বার্থী ইউনিয়নের সাদ্দাম বাজারের ব্যবসায়ীরা এ প্রতিবাদ জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে ওই বাজারের এক দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান।

গ্রেপ্তার শাহজাহান হাওলাদার খোকন (৭০) বার্থী ইউনিয়নের সাদ্দাম বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলার ধানডোবা খ্রিষ্টান মিশনের বয়েজ হোস্টেলের নৈশপ্রহরী।

ওসি তারিক হাসান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

“একজন ডেভিল আটক করা হয়েছে। এখন ব্যবসায়ীরা যদি তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখে, তাহলে আমার করার কী আছে”, বলেন তিনি।

গ্রেপ্তার খোকনের আরেক ছেলে ফয়সাল হাওলাদার জানান, তার বাবা বাজারের পুরোনো ব্যবসায়ী। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তবে তার ভাই শামীম হাওলাদার যুবলীগের সমর্থক হলেও তার কোনো পদ-পদবি ছিল না। এমনকি তার নামে কোনো মামলাও নেই।

তিনি বলেন, “ভাইকে ধরতে এসে না পেয়ে বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে গেছে পুলিশ। বাবাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা শোনেননি।”

এ ঘটনার প্রতিবাদে এদিন সন্ধ্যা পর্যন্ত বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখেন বলে জানান ফয়সাল হাওলাদার।