রোহিঙ্গাকে নাগরিক সনদ দেওয়ায় সিরাজগঞ্জে চেয়ারম্যান বরখাস্ত
তিন মাস আগে ওই রোহিঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সনদ নিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে কামারখন্দ উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে আটক হন।
রোহিঙ্গা এক নারীকে অবৈধভাবে নাগরিক সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার এক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব নুরে আলমের সই করা চিঠিতে তাকে বরখাস্ত করা হয়। গত ২০ অক্টোবর মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করা হলেও বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হয়।
সাময়িক বরখাস্ত হওয়া লিয়াকত আলী খান মোহাম ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের সচিব ওমর ফারুক বলেন, মন্ত্রণালয়ের চিঠিটি ২০ অক্টোবর সই করা হলেও প্যানেল চেয়ারম্যান সেটি ৩ নভেম্বর হাতে পেয়েছেন। ওই দিন থেকে দায়িত্ব ছেড়েছেন তিনি।
এর আগে ৮ অগাস্ট রোকেয়া বেগম নামের এক রোহিঙ্গা নারীকে ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সনদপত্র প্রদান করেন লিয়াকত আলী খান মোহাম। ওই সনদ ব্যবহার করে রোকেয়া বেগম ও তার স্বামী মো. আনিছ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার জন্য কামারখন্দ উপজেলা নির্বাচন কার্যালয়ে যান।
সেখানে কাগজপত্র যাচাইয়ের সময় বিষয়টি সন্দেহজনক মনে হলে নির্বাচন কর্মকর্তা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। সেই সময় রোকেয়া বেগম ও আনিছ কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ এর জি-৪ এলাকার শরণার্থী বলে স্বীকার করেন।
