Published : 30 Jul 2026, 08:45 PM
বকেয়া বেতন, ওভার টাইমের মজুরি, সাপ্তাহিক ছুটিসহ বিভিন্ন দাবিতে বরিশালে একটি জুতা তৈরির কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে নগরীর ব্যস্ততম নতুন বাজার সড়ক অবরোধ করেছেন ফরচুন সু কোম্পানির শ্রমিকরা।
এতে চাকরিজীবী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে পুলিশ এসে তাদের সড়কের এক পাশে সরিয়ে দিলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে শ্রমিকরা রাত ৮টা পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন।
এর আগে তারা দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিসিক শিল্প নগরীতে কোম্পানির কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় ইট নিক্ষেপ করে কারখানা ভবনের কয়েকটি গ্লাসও ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাস্থলে থাকা বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ বলেন, “এখনও শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের এক পাশে সরিয়ে দিয়ে সীমিতভাবে যানবাহন চলাচল করছে। বিষয়টি সমাধানের জন্য মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলা হচ্ছে।”
আন্দোলনরত শ্রমিকরা বলেন, বরিশাল বিসিক শিল্প নগরীতে ফরচুন, এম জে ও প্রিমিয়াম সু কোম্পানির তিনটি কারখানায় সাত হাজার শ্রমিক রয়েছে। শ্রমিকদের সকাল ৮টায় কারখানায় প্রবেশ করতে হয়, রাত সাড়ে ৮টায় তারা ছুটি পান। মাসের ৩০ দিন কাজ করতে হয়। জুন মাসের বেতন জুলাই মাসেও দেওয়া হয়নি।
শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন ও অন্যান্য পাওনার বিষয়ে কর্তৃপক্ষের কাছে দাবি জানালে নানাভাবে হয়রানি করা হয়। এমনকি শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করলে চাকরি ছাড়তে বাধ্য করা হয়।
তারা বলেন, মাসের ১৫ তারিখের মধ্যে বেতন, মাসে অন্তত তিন দিন ছুটি, ওভার টাইম দেওয়াসহ কাজের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ থাকবে।
এ বিষয়ে জানতে ফরচুন সু কোম্পানির মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর কবিরকে মোবাইলে ফোন করা হলে তিনি বলেন, “এই মুহূর্তে আমি একটু ব্যস্ত আছি, কথা বলতে পারব না।”
পরে কারখানার একজন কর্মকর্তা বলেন, “একটি শিপমেন্ট আটকে যাওয়ায় বেতন বকেয়া পড়ে। বৃহস্পতিবার বিকাল নাগাদ টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে চলে গেছে। তারা এতটুকু ধৈর্য্য ধরতে পারেনি। হুজুগে শ্রমিকরা আন্দোলন শুরু করেছে।”