২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2024, 09:10 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

রাজবাড়ীর কালুখালী উপজেলার আট বছরের শিশুকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সাইফুল হক। 

দণ্ড পাওয়া খালিদ হাসান লিটন (৩৫) উপজেলার কুষ্টিয়াডাঙ্গি গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পিপি সাইফুল হক বলেন, ২০২৩ সালের ১৯ মার্চ দুপুরে নিজ বাড়ির উঠানে খেলছিল শিশুটি। সেখান থেকে তাকে ডেকে ঘরে নিয়ে ধর্ষণ করেন লিটন।

পরে শিশুটি তার মাকে ঘটনাটি জানালে প্রতিবেশীর সহযোগিতায় লিটনকে আটক করে পুলিশে দেওয়া হয় বলে জানান তিনি। 

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে কালুখালি থানায় মামলা করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল হক।

তিনি বলেন, “ঘটনার এক বছর দুই মাসের মধ্যে রায় দিয়েছে আদালত। এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।”