২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুনে নিহত ৬: মামলার পর গ্রেপ্তার ৬

নিহতরা সবাই ‘ছাত্র-জনতার আন্দোলন’ এর সঙ্গে যুক্ত ছিলেন বলে মামলায় দাবি করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2025, 08:34 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

লালমনিরহাটে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুনে পুড়ে ছয়জন নিহতের ১০ মাস পর মামলা হয়েছে; গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। 

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, সোমবার রাতে নিহতদের সহযোদ্ধা পরিচয় দেওয়া আরমান আরিফ নামে এক তরুণ মামলাটি করেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমনসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লালমনিরহাট শহরের পূর্ব থানা পাড়ার বাসিন্দা এবং পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান ওরফে ভুট্টু (৪৮), রিফিউজি কলোনির বাসিন্দা পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি সেলিম খান ওরফে বকুল (৫৬), বসুন্ধরা এলাকার শরীফ মোহাম্মদ আতাউল্লাহ (৫০), সদরের কাজীর চওড়া গ্রামের বাবুল (৩৫), ওয়ারলেস কলোনির মো. দোয়েল (৩৬) এবং রিফিউজি কলোনির মো. জুয়েল মিয়া (৩৯)। 

মঙ্গলবার বিকালে শরীফ মোহাম্মদ আতাউল্লাহ, জাহিদ হাসান ও বাবুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) বাদল কুমার মণ্ডল জানান। 

অন্য তিনজনকে বুধবার আদালতেরে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুমনের বহুতল বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। তখন ছয়জন দগ্ধ হয়ে মারা যান। নিহতরা সবাই ‘ছাত্র-জনতার আন্দোলন’ এর সঙ্গে যুক্ত ছিলেন বলে মামলায় দাবি করা হয়েছে। 

নিহতরা হলেন- বসুন্ধরা এলাকার জোবায়ের হোসেন (১৭), সুরকিমিল এলাকার আল শাহরিয়ার রিয়াদ ওরফে তন্ময় (১৯), আদিতমারীর খাতাপাড়া গ্রামের শাহরিয়ার আল আফরোজ ওরফে শ্রাবণ (১৮), নবীনগরের জনি মিয়া (২০), কুড়িগ্রামের ফুলবাড়ির রাধিক হোসেন ওরফে রুশো (১৯) এবং বানভাসা এলাকার রাজিব উল করিম সরকার (১৮)। 

বাদী আরমান আরিফ বলেন, “আমাদের সহযোদ্ধা ছয়জনকে পরিকল্পিতভাবে আটক করে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কিন্তু এতদিনেও কোনো সঠিক তদন্ত হয়নি। শেষ পর্যন্ত ন্যায়বিচারের আশায় মামলাটি করেছি।”