২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান

পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় তারেক রহমানসহ ৬০ জন আসামি ছিলেন; সবাই খালাস পেয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2024, 07:27 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

নয় বছর আগে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগ এনে গাজীপুরে থানা পুলিশের করা এক বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছে আদালত। 

সোমবার দুপুরে গাজীপুর মুখ্য মহানগর হাকিম আহমেদ শাহরিয়ার তারিক শুনানি শেষে এ রায় ঘোষণা করেন বলে আসামি পক্ষের আইনজীবী সহিদুজ্জামান জানান। 

এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা চারটি মামলা থেকে তারেক রহমান খালাস পেলেন।

আদালত থেকে জানা গেছে, জেলা থাকাকালীন জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

এ ঘটনায় ওই এলাকার মো. হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন জয়দেবপুর থানার তৎকালীন এসআই সৈয়দ আবুল হোসেন। 

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংযুক্ত করে মোট ৬০ জনের নামে অভিযোগপত্র দিলে আদালত তা গ্রহণ করে। 

দীর্ঘ শুনানি শেষে মিথ্যা প্রমাণিত হওয়ায় সব আসামিকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তফা কামাল, বিশেষ পিপি আবু তাহের নয়ন, অতিরিক্ত পিপি এরশাদ হোসেন এবং বিবাদী পক্ষে আইনজীবী হিদুজ্জামান, মো. সাইফুল ইসলাম মোল্লা, নাসির উদ্দিন আদালতে শুনানিতে অংশ নেন।