২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, ‘মবে’ না: জাহিদ

সিলেট মহানগর বিএনপির বিশেষ সভায় অংশ নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 09:36 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, “‘মব ভায়োলেন্স’ শুরু করেছে কে, কারা? বিএনপি তো সম্পৃক্ত না। খুঁজে দেখেন, আপনাদের পত্রিকার পাতাগুলো উল্টান। তাহলেই ‘মব ভায়োলেন্সের’ সঙ্গে জড়িতদের খোঁজ পেয়ে যাবেন, পরিচয় জেনে যাবেন। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি ‘মব ভায়োলেন্সে’ বিশ্বাস করে না।” 

রোববার দুপুরে সিলেট নগরীর সুবিদবাজারের পিটিআই অডিটোরিয়ামে মহানগর বিএনপির বিশেষ সভায় অংশ নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

বিএনপি নেতা আরও বলেন, “যারা ‘মব ভায়োলেন্স’ করতে অভ্যস্ত, তারা এই সব ঘটিয়েছে এবং সেই লোকদেরকে গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য অতীব জরুরি। তা না হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। কোনো অবস্থাতেই আইনকে নিজের হাতে তুলে নেওয়াকে বিএনপি প্রশ্রয় দেয় না, বিএনপি সমর্থন করে না।”

এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনি খেয়াল করেন, ঘটনা ঘটলে দেশে একটি সরকার আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আইন-আদালত আছে। তাদের কাছে আপনি দাবি করেন। আপনি কী করতেছেন? বিএনপির বিরুদ্ধে কতিপয় লোক দিয়ে মিছিল করাচ্ছেন। আপনি কি চান যে আমরা পাল্টা মিছিল করি? এই উসকানি দিয়ে আমাদের উসকাচ্ছেন? বিএনপি আগুনে পুড়ে পুড়ে সোনায় পরিণত হয়েছে। বিএনপি কারো উসকানিতে পা দেবে না।” 

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহসীনা রুশদীর লুনা, এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, এম এ মালেক, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী।

অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেবে না: কাইয়ুম চৌধুরী 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “যখনই দেশে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা হয়েছে, তখনই বিএনপি রাজপথে থেকে গণতন্ত্র রক্ষার লড়াই করেছে। বিএনপি অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। অন্যায়কারী যেই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে- এটাই বিএনপির স্পষ্ট অবস্থান।” 

এদিন বিকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রায়হানুল হক। 

বক্তব্য দেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহপ্রচার সম্পাদক শাহীন আলম জয়, সহকৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, নুরুল আমিন দুলু, সদস্য আশরাফুল আলম বাহার, আপ্তাব উদ্দিন, ময়নুল ইসলাম মঞ্জু, আখলাকুল আম্বিয়া বাতিন, আব্দুল করিম তখই, জয়নাল আবেদীন ইমন, রাসেল হোসেন, রিফল আহমদ, আরিফ চৌধুরী, লুৎফুর রহমান, আব্দুল কাদির ও রাজু আহমেদ।