১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উখিয়ায় এক লাখ ইয়াবার চালান ফেলে পালাল ‘পাচারকারীরা’

মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবি। তারা দুটি পলিব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 02:47 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত থেকে পাচারকারীদের ফেলে যাওয়া এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। 

শনিবার ভোরে উখিয়ার পালংখালী সীমান্তের রিজভীর ঘের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিজভীর ঘের এলাকা দিয়ে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল। 

তাদের চ্যালেঞ্জ করা হলে হাতে থাকা দুটি পলিব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায় তারা। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিব্যাগ দুটি উদ্ধার করেন। সেগুলোর ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো প্রায় ১ লাখ ইয়াবা পাওয়া যায়।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।