সাভারে ‘ডাকাতির প্রস্তুতির সময়’ গ্রেপ্তার ৪
পুলিশ জানায়, রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতির সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার ভোররাতে সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ওসি সাইদুল ইসলাম জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন- ইলিয়াস তালুকদার ওরফে ছোটন ওরফে বাপ্পি (৩৫), মো. রাজু (৩৭), মো. নুর নবী (২৪) ও আব্দুল্লাহ (২১)। এর মধ্যে ইলিয়াসের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় ডাকাতি, দস্যুতা, মাদকের ছয়টি মামলা আছে।
তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি ধারালো সুইচ গিয়ার চাকু, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, একটি লোহার ধারালো ছেনি, ধারালো তলোয়ার একটি, ধারালো চাইনিজ কুড়াল দুটি, ইলেক্ট্রিক ডিল মেশিন, গ্র্যান্ডিং মেশিন একটি, কেচি, কাটার, প্লাস, স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।
ওসি সাইদুল বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা হয়েছে।
