২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ির গ্রাম পুলিশকে ভারতে পিটিয়ে মারার খবর

পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “ভিডিও দেখে মনে হচ্ছে তাকে পিটিয়ে মারা হয়েছে। তার লাশ এখনো সীমান্তের ওপারে রয়েছে।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 09:24 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার এক গ্রাম পুলিশকে ভারতের ত্রিপুরা রাজ্যে পিটিয়ে মারা হয়েছে এমন খবর জানতে পেরেছে প্রশাসন ও পুলিশ। 

শুক্রবার সকালে একটি ভিডিও দেখে গ্রাম পুলিশের পরিবার তাকে শনাক্ত করেছে বলে মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম জানান।

মো. হানিফ মিয়া (৪৫) নামের ওই গ্রাম পুলিশের সদস্য উপজেলার তবলছড়ি ইউনিয়নের বং পাড়ার বাসিন্দা।   

তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ওসমান আলী বলেন, বৃহস্পতিবার রাতে দুজন লোক এসে হানিফ মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজকে সীমান্তের লাগায়ো ভারতের ত্রিপুরা রাজ্যে এক বাংলাদেশির মৃত্যুর ভিডিও দেখা যায়। সেটা দেখে স্ত্রী পারভীন আক্তার হানিফ মিয়ার মৃতদেহটি শনাক্ত করেন। 

“যে দুজন ব্যক্তি হানিফ মিয়াকে রাতে ডেকে নিয়ে গেছিল তাদের মধ্যে একজন বেলাল। তাকে এখন পুলিশ খুঁজতেছে।”

ইউপি সচিব আরও বলেন, “ভিডিওতে দেখা যাচ্ছে, হানিফ মিয়ার হাত পেছন থেকে বাঁধা, তার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ আমরা নিশ্চিত নই।” 

হানিফ মিয়া কীভাবে সেখানে গেলেন এ ব্যাপারে পুলিশ সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। 

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, “হানিফ মিয়া তবলছড়ি ইউনিয়নের গ্রাম পুলিশের একজন সদস্য। ভিডিও দেখে মনে হচ্ছে তাকে পিটিয়ে মারা হয়েছে। তার লাশ এখনো  সীমান্তের ওপারে রয়েছে।”