Published : 02 Oct 2025, 05:00 PM
নাটোর সদরে সড়কের পাশের পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পুকুরে পড়ে তিনি মারা গেছেন বলে ধারণা পুলিশের।
নাটোর-দয়রামপুর আঞ্চলিক সড়কের দিয়ারভিটা এলাকায় বৃহস্পতিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটলেও কেউ টের না পাওয়ায় দুপুরে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান।
নিহত সুজন কুমার (৩৩) কুমারনলালপুরের ওয়ালিয়ার ফুলবাগান এলাকার সুনিল কুমারের ছেলে।
পরিবারের বরাতে ওসি মাহাবুর রহমান বলেন, সকালে বোন জামাইকে নিয়ে মোটরসাইকেলে নঁওগার আত্রাইয়ে গিয়েছিলেন সুজন। সেখান থেকে সাড়ে ৮টার দিকে তিনি বাড়ির পথে রওয়ানা হন।
পরে দুপুরে দিয়ারভিটা এলাকায় পুকুরের পাশে তার মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুকুরে হেলমেট ভাসতে দেখে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে দুপুর ২টার দিকে পুকুর থেকে সুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি বলেন, মোটরসাইকেলটির সামনের অংশ দোমড়ানো অবস্থায় পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থলের একটি গাছে মোটরসাইকেলের ধাক্কার চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে সুজন পাশের পুকুরে পড়ে যান।
মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।