Published : 30 May 2026, 05:45 PM
গোপালগঞ্জ সদর উপজেলার ৮ বছর বয়সী ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার একটি বেকারির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা নয়ন চন্দ্র দেবনাথ।
আটক ১৫ বছর বয়সী কিশোর ওই বেকারির কর্মচারী।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। তাতে কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিকালে ২০ টাকা দেওয়ার কথা বলে শিশুটিকে বেকারির দ্বিতীয় তলায় নিয়ে যায় ওই কিশোর। সেখানে শিশুকে ধর্ষণের বিষয়টি টের পেয়ে স্থানীয়রা কিশোরকে আটক করে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ এসে ভুক্তভোগী শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায় এবং অভিযুক্তকে আটক করে।
এ ঘটনায় শিশুটির মা সাংবাদিকদের বলেন, “বেকারির কাছেই আমাদের বাসা। আমার ছেলে বাসা থেকে পাশেই তার দাদার বাড়িতে যাচ্ছিল। এ সময় তাকে টাকা ও খাবারের লোভ দেখিয়ে বেকারি কর্মচারী বেকারির দোতলায় নিয়ে যায়। সেখানে আমার ছেলের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। আমি তার কঠোর শাস্তির দাবি জানাই।”
পুলিশ কর্মকর্তা নয়ন চন্দ্র দেবনাথ বলেন, “আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”