২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ঢাকা বিমানবন্দরে আটক

বিস্ফোরক আইনে তার নামে থানায় তিন মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ঢাকা বিমানবন্দরে আটক
নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খান।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2024, 03:06 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম খানকে ঢাকায় শাহজালাল বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।

বুধবার সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বলে জানান নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

আটক নজরুল ইসলাম শহরের চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্বাস আলী খানের ছেলে এবং নেত্রকোণা পৌরসভায় তিনবারের নির্বাচিত মেয়র।

পুলিশ সুপার ফয়েজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে নজরুল ইসলাম বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেন। ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আমাদের খবর দেয়। তার নামে তিনটি মামলা রয়েছে।”

তিনি বলেন, নজরুল ইসলামকে নেত্রকোণা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাকে ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে। নেত্রকোণা মডেল থানায় বিস্ফোরক আইনে হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।