রাজবাড়ীতে সারের দোকানে মজুদ করা ১৮৩ লিটার ডিজেল জব্দ, জরিমানা
অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
রাজবাড়ীর পাংশা উপজেলায় সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া জব্দ করা হয় ১৮৩ লিটার ডিজেল।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাগদুলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।
দণ্ড পাওয়া মো. সিরাজুল ইসলাম উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাজারে ‘সাইদুল ব্রাদার্স এন্টারপ্রাইজ’ নামের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন।
সহকারী কমিশনার সাদ আহম্মেদ বলেন, সিরাজুল ইসলাম সার ও কীটনাশক বিক্রির পাশাপাশি বিভিন্ন স্থান থেকে ডিজেল সংগ্রহ করে এলাকার কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করতেন। এমন অভিযোগে তার দোকান থেকে ১৮৩ লিটার ডিজেল জব্দ করা হয়।
তিনি বলেন, সিরাজুলের বিরুদ্ধে প্রতি লিটার ডিজেল ১৬০ টাকা দরে বিক্রির সত্যতা পাওয়া গেছে। সেইসঙ্গে তিনি তেল বিক্রির বৈধ কাগজ দেখাতে পানেননি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া জব্দ করা তেল উপস্থিত ক্রেতাদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার।
