গাইবান্ধায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
তবে অভিযোগ অস্বীকার করেছেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুর এবং স্বজনদের উপর হামলার অভিযোগ পেয়েছে পুলিশ। ভুক্তভোগীর দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির এ ঘটনার সঙ্গে যুক্ত।
উপজেলার ফরিদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি উজ্জ্বল আকন্দ সোমবার দেওয়া মামলার অভিযোগে বলেছেন, রোববার বিকালে নয়নপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত নয়জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ছকু আকন্দ (৫৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) এবং মনজুরুল ইসলামকে (৪২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মামলার অভিযোগের বরাতে সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম বলেন, উজ্জ্বল আকন্দের চাচাত ভাই শাহিন মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ হাট থেকে নিজের ব্যাটারিচালিত রিকশাভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির অদূরে নয়নপুর গ্রামের জামে মসজিদের সামনে ১৩-১৪ জন তার পথরোধ করে। এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় রিকশাটিও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাদেরকের মারপিট করা হয়। এ সময় প্রাণ বাঁচাতে শাহিন মিয়া ও তার স্বজনরা দৌড়ে উজ্জ্বল আকন্দের বাড়িতে আশ্রয় নেয়। তখন হামলাকারীরা সেখানে গিয়েও তাদেরকে মারপিট এবং বাড়িঘর ভাঙচুর করে।
উজ্জ্বল আকন্দ অভিযোগ করেন, “হামলাকারীরা শভা চাচা, ছকু আকন্দ এবং চাচাত ভাই ইউনুস আকন্দের ঘরবাড়িও ভাঙচুর করেছে।”
তার দাবি, “জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।”
একই দাবি করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকার।
তবে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম বলেন, “কোনো রাজনৈতিক কারণে এ ঘটনা ঘটেনি। স্থানীয় বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে এই মারামারির ঘটনা ঘটেছে।”
ওসি আব্দুল আলিম বলেন, “পারিবারিক নাকি রাজনৈতিক কারণে ঘটনাটি ঘটেছে, তা অনুসন্ধান করছে পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।”
