২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ

কুমিল্লার মোগলটুলীতে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 07:32 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে বলে মনে করেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, “আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি। সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আদালতে। আমরা সেটা মানব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় আমাদেরকেও রাজপথে যেতে হবে।

“আমরা জুলাইয়ের মত স্লোগান দিতে চাই না, হাই কোর্ট না রাজপথ। এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।”

কুমিল্লার মোগলটুলীতে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এনসিপি আহ্বায়ক বলেন, “ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানাতে হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক হবে না। ভারতের সঙ্গে সম্পর্ক করতে হলে আগে জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার বিচার ও ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের পাঠানোর পর আমরা বিষয়টি ভেবে দেখব। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে, হাদীর হত্যাকারীদের ফেরত না পাঠালে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক ঠিক হবে না।”  

সংবিধান সংস্কার বাস্তবায়নে বিএনপির সংসদ সদস্যদের শপথ গ্রহণের আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, “সংবাদমাধ্যমের স্বাধীনতার নামে গুজবের স্বাধীনতা চর্চা হয়। কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী মিডিয়া ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা চাই গণমাধ্যম সঠিক ও বিভ্রান্তিমুক্ত সংবাদ প্রকাশ করবে।”

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “আমরা যতদিন জীবিত থাকব ততদিন দুর্নীতি-চাঁদাবাজ ও সন্ত্রাসের কবর রচনা করব। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আহ্বান করব, শরিফ ওসমান হাদীর হত্যার বিচার দ্রুত করতে। না হয় আমরা আপনাদের মত বলব না- ঈদের পরে আন্দোলন। আমরা আন্দোলনে নামলে হাদী হত্যার বিচার নিয়েই ফিরব।” 

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন, “গণভোটে ৭০ শতাংশ ভোট পেয়ে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। সংস্কার নিয়ে চোর-পুলিশ খেলা চলছে। আমরা যদি দেখি, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, তাহলে আমরা আবারও রাজপথে নামব। যদি শান্তিতে সরকার পরিচালনা করতে চান তাহলে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার বাস্তবায়নে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে সরকারকে।” 

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সরজিস আলম বলেন, “প্রথম থেকেই আমরা দেখছি বিএনপির কিছু নেতাকর্মী,  তাদের আইনজীবী আবার বাংলাদেশকে তাদের পুরনো পথে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আমরা দেখছি, মাঠ পর্যায়ে আমাদের নেতাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে। এটা মোকাবিলা করার জন্য আমাদেরকে শক্তিশালী সাংগঠনিক সক্ষমতা অর্জন করতে হবে।” 

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।