বৃষ্টির পানিতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে আইনজীবীর মৃত্যু
কুমিল্লায় সড়কে জলাবদ্ধতার কারণে সোহাগ পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে যান।
কুমিল্লা নগরীতে বৃষ্টির পর জমা পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে নগরীর সালাউদ্দিন মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নিহতের ভাগিনা ইকরাম হোসেন।
নিহত সোহরাব হোসেন সোহাগ (৪০) বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামের নোয়াব মিয়া সর্দারের ছেলে। সোহাগ রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
ইকরাম হোসেন সাংবাদিকদের জানান, সোহাগ দুপুরে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য কুমিল্লায় যান। নগরীর আলী হাসপাতালে ডাক্তার দেখানো শেষে পরীক্ষার জন্য মেডিনোভা রোগ নির্ণয় কেন্দ্রে যান।
সেখানে স্ত্রীকে রেখে সোহাগ নিচে সড়কে বৃষ্টিতে জমা জলাবদ্ধতার কারণে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ইকরাম হোসেন।
তিনি বলেন, “খবর পেয়ে হাসপাতালে গিয়ে মামার মৃতদেহ দেখতে পাই। পরে লাশ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হই।”
