২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মীর মৃত্যু‌

“হাসপাতালে নেওয়া হলে সেথানে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।”

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2025, 05:06 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ময়লার ট্রাক্টরের চাপায় এক পরিছন্নতা কর্মীর মৃত্যু‌ হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে পৌর এলাকার ছয়বাড়িয়া ময়লার ডাম্পিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান।

নিহত মো. আলামিন (৩৫) সরাইল উপজেলার আইরল গ্রামের সালাম মিয়ার ছেলে।

ঘটনার পর থেকে পৌরসভার অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ট্রাক্টর চালক মো. আমির মিয়া পলাতক রয়েছেন।

নিহতের স্বজন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বরাতে ওসি মোজাফফর বলেন, “ময়লার ট্রাক্টরে করে পৌর এলাকার ছয়বাড়িয়া এলাকায় যান আলামিন। এক পর্যায়ে ট্রাক্টর থেকে ময়লা নামাচ্ছিলেন তিনি। এ সময় চালক ট্রাক্টরটি পেছনে নিতে গেলে নিচে চাপা পড়েন আলামিন।  

“পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে সেথানে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন।”

পৌরসভার পরিছন্নতা কর্মী নায়েব আলী বলেন, “সকালে সবাই ময়লা নিয়ে ছয়বাড়িয়ায় ডাম্পিং স্টেশনে যান। সেখানে ট্রাক্টর থেকে ময়লা নামানোর জন্য পেছনে যাবার সময় আলামিনের পা চাকার নিচে পড়ে যায়।”

নিহতের ছোট ভাই নাঈম বলেন, “খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি আমার ভাই মারা গেছে। তার পাঁচটি সন্তান আছে। পৌরসভা কর্তৃপক্ষের কাছে দাবি, আমার ভাইয়ের পরিবারকে যেন সহযোগিতা করে।”