Published : 07 Jul 2026, 07:49 PM
জামালপুরে এক আইনজীবীর কার্যালয়ে অভিযান চালিয়ে পাইপগান, গুলি, হাতবোমা, পেট্রল বোমা ও বিদেশি মদ উদ্ধারের দাবি করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে শহরের মনোয়ার আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আইনজীবী মোহাম্মদ কামরুল হাসানের কার্যালয়ে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে দাবি করেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাকিবুল ইসলাম।
মোহাম্মদ কামরুল হাসান ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী আইনজীবী পরিষদ থেকে নির্বাচিত জেলা আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক।
এএসপি রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় দুটি দেশীয় তৈরি পাইপগান, নাইন এমএম পিস্তলের চারটি গুলি, শটগানের চারটি গুলি, ছয়টি হাতবোমা, দুটি পেট্রোল বোমা ও ছয় বোতল বিদেশি মদ পাওয়া যায়।
তিনি বলেন, অভিযানের সময় গণমাধ্যমকর্মী ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ীকে সঙ্গে রাখা হয়েছিল। তবে অভিযানের সময় আইনজীবী মোহাম্মদ কামরুল হাসানকে পাওয়া যায়নি।
এএসপি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে আইনজীবী কামরুল হাসানের মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।