২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিবোঝাই পিকআপ ডাকাতি, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে মুরগিবোঝাই একটি পিকআপ ফরিদপুরে যাওয়ার পথে পাংশায় ডাকাতের কবলে পড়ে বলে জানায় পুলিশ।

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিবোঝাই পিকআপ ডাকাতি, গ্রেপ্তার ২
রাজবাড়ীর পাংশা থানা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2025, 03:37 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

রাজবাড়ীর পাংশা উপজেলায় র‌্যাব পরিচয়ে মুরগিবোঝাই পিকআপ ভ‌্যান ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাদের আন্তঃজেলা ডাকাতদলের সদস্য বলছে পুলিশ। 

শুক্রবার মধ্যরাতে ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।

গ্রেপ্তাকৃতরা হলেন- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্রয়াত চাঁদ মিয়ার ছেলে মো. জুয়েল ওরফে সানি (৪০) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নওহাটার ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।

শনিবার দুপুরে পাংশা মডেল থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, সোমবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় থেকে মুরগিবোঝাই একটি পিকআপ ভ‌্যান ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথে মঙ্গলবার ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় পিকআপটি পৌঁছালে র‍্যাবের পোশাক পরা কয়েকজন গাড়িটির গতিরোধ করেন। 

তিনি বলেন, সেই সময় পিকআপের চালক ও সহকারীর হাত-মুখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে কুষ্টিয়ার ভাদালিয়া মোড় এলাকায় নিয়ে ফেলে দেওয়া হয়। আর মুরগিবোঝাই পিকাপটি ফরিদপুর হয়ে বরিশালের দিকে চলে যায়।

ঘটনার তিন দিন পর বৃহস্পতিবার রাতে পিকআপ ভ‌্যানের মালিক মো. হাসানুজ্জামান অজ্ঞাত পরিচয় ১৩ থেকে ১৪ জনের নামে পাংশা মডেল থানায় একটি মামলা করেন বলে জানান তাপস কুমার।   

তিনি বলেন, পরে অভিযান চালিয়ে বরিশালের রুপাতলি থেকে পিকআপটি উদ্ধার করে পুলিশ। এ ছাড়া ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয় জুয়েল ও লিমনকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি করে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। 

সংবাদ সম্মেলনে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা-সার্কেল) দেব্রত সরকার এবং পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।