২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলনে হামলা: রাঙামাটিতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলার ঘটনা ঘটে।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 06:20 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

রাঙামাটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের চারজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার আলাদা অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন।

গ্রেপ্তাররা হলেন- রাঙামাটি জেলা যুবলীগের সহসম্পাদক আবু বক্কর লিটন মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহকারী সাধারণ সম্পাদক মামুন মিন্টু, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো. মাসুম এবং সদর উপজেলা যুবলীগের সদস্য মো. ইসমাইল।

ওসি সাহেদ উদ্দিন জানান, ৪ অগাস্ট রাঙামাটি শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। 

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাকিব হোসেনের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

বুধবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।