২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় ঘুমন্ত মা-ছেলেকে কুপিয়ে হত্যা, আটক ২

ভাইয়ের সঙ্গে আনোয়ারের সম্পত্তি নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি নিপার বাবার।

কুমিল্লায় ঘুমন্ত মা-ছেলেকে কুপিয়ে হত্যা, আটক ২

নিপা আক্তার ও তার ছেলে আলী আহসান মুজাহিদ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 01:59 PM

Updated : 05 Jul 2023, 01:59 PM

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাড়িতে ঘুমন্ত অবস্থায় এক প্রবাসীর স্ত্রী ও তার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার রাতে উপজেলা সদরের পাঁচড়া এলাকার বেপারি বাড়িতে এ ঘটনার পর দুইজনকে আটক করার কথা জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা। 

নিহতরা হলেন- ২৭ বছরের নিপা আক্তার ও তার আট বছর বয়সী ছেলে আলী আহসান মুজাহিদ। নিপার স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী। 

নিপা আক্তারের বাবা জালাল আহমেদের দাবি, সম্পত্তি নিয়ে বিরোধে আনোয়ার হোসেনের ভাই মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ (২২) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

Image

নিপা ও তার ছেলের মৃত্যুতে স্বজনের আহাজারি।

জালাল আহমেদ বলেন, মঙ্গলবার রাত ৯টায় নিপা তার ছেলে মুজাহিদকে নিয়ে মামা শ্বশুর আজিজুল ইসলামের বাড়িতে দাওয়াত খেতে যান। ধারণা করা হচ্ছে, এ সুযোগে হত্যাকারী ঘরের ভেতর প্রবেশ করে নির্মাণাধীন টয়লেটে লুকিয়েছিল। 

ঘরে ফিরে নিপা ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়লে আনুমানিক রাত ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়। তাদের চিৎকার শুনে লোকজন ছুটে এসে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে চিকিৎসক নিপাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মুজাহিদকে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। 

চৌদ্দগ্রাম থানার এসআই আলী আশ্রাফ জুয়েল জানান, নিপার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এবং আলী হাসান মুজাহিদের পেটে কাটা ও আঘাতের চিহ্ন রয়েছে।

Image

নিহতদের বাড়িতে স্বজন ও প্রতিবেশিদের ভিড়।

ওসি শুভ রঞ্জন চাকমা জানান, পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

এদিকে কুমিল্লা সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদ হোসেন জানান, পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আনোয়ার হোসেনের ভাই মীর হোসেনের দুই ছেলে মঈনুল হাসান শুভ ও আবদুল্লাহ শাহেদকে আটক করা হয়েছে। 

তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান সহকারী পুলিশ সুপার।