নৌকার প্রার্থীর সঙ্গে ‘অশোভন আচরণ’, স্বতন্ত্রের সমর্থক আটক
আটক নুরুল ইসলাম প্রামানিক সিরাজগঞ্জ-৩ আসন থেকে মুক্তিজোটের প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
সিরাজগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে জেলার রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতি নির্বাচনি জনসভা চলাকালে এ ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার এসআই আব্দুল লতিফ জানান।
আটক নুরুল ইসলাম প্রামানিক দ্বাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে মুক্তিজোটের প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়।
এরপর তিনি একই আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম উজ্জ্বলের কর্মী হিসেবে কাজ করছেন বলে স্থানীয়রা জানান।
আটক নুরুল তাড়াশের কালুপাড়ার আজিজুল হকের ছেলে। এ ছাড়া তিনি উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন।
সলঙ্গা থানার এসআই আব্দুল লতিফ জানান, ভূঁইয়াগাতিতে নির্বাচনি সভা চলাকালে নুরুল ইসলাম প্রামানিক সভাস্থলে ঢুকে নৌকার প্রার্থী আব্দুল আজিজের সঙ্গে অশোভন আচরণ করে বলেন, ‘আপনি কীসের নির্বাচন করছেন, আমাকে চেনেন?’ এই বলে নৌকার প্রার্থীকে জোর করে তার মাইক্রোবাসে উঠানোর চেষ্টা করেন।
তখন তাকে আটক করে থানায় নেওয়া হয়।
এসআই আব্দুল লতিফ আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে একটি ওয়াকিটকি ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
