Published : 04 Jul 2026, 01:33 PM
নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।
শনিবার সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জলঢাকা থানা পুলিশের ওসি নাজমুল আলম।
নিহত সুমি রানী রায় (৩৫) জলঢাকা উপজেলার পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী ও উত্তরা ইপিজেডে কর্মরত ছিলেন।
এ গুরুতর আহত হয়েছেন স্বপন রায়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালের দিকে সুমী রানী রায় স্বপন রায়ের সঙ্গে মোটরসাইকেলে উত্তরা ইপিজেডের দিকে যাচ্ছিলেন। পথে চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে একটি বাসের সামনে মোটরসাইকেল ব্রেক করেন।
এতে মোটরসাইকেলে থাকা সুমি রানী রায় ছিটকে গিয়ে বাসের চাকার নীচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত স্বপন রায়কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ওসি নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।