২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টা-পাল্টি দাবির মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

উপাচার্যের সঙ্গে পদত্যাগ করেছেন প্রক্টরসহ আরও ১৯ কর্মকর্তা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 09:11 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

শিক্ষার্থীদের পাল্টা-পাল্টি দাবির মুখে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এ ছাড় পদত্যাগ করেছেন প্রক্টরসহ ১৯ জন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন।

মনিরুল ইসলাম বলেন, “উপাচার্য সচিব বরাবর পদত্যাগপত্র দিয়েছে। এ ছাড়া প্রক্টরসহ ১৯ জন পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র দপ্তরে রয়েছে।

বিভাগের চেয়ারম্যান ও ডিনদের নিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হবে। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে সব সমস্যার সমাধান করবেন।”

উপাচার্য ছাড়াও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আব্দুল কাইউম, সহকারী প্রক্টর পুম্পা রানী মজুমদার, ফরহাদ উদ্দিন, সাইফুল ইসলাম, মোহাম্মদ মাহফুজ আলম ও শাওন মিত্র, শেখ হাসিনা হলের প্রভোস্ট ইসরাত জাহান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট তারেক মাহমুদ আবীর, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট হেনা রানী বিশ্বাস, শেরেবাংলা হলের প্রভোস্ট মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী, বঙ্গবন্ধু হলের সহকারী আবাসিক শিক্ষক কবির হাসান, শেরেবাংলা হলের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আহমেদ ফয়সাল, টিএসসি পরিচালক রহিমা নাসরিন, লাইব্রেরিয়ান মো. সাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আশিক ই ইলাহী, শেরেবাংলা হলের সহকারী আবাসিক শিক্ষক মোহাম্মদ নাকিবুল হাসান এবং পরিবহন পুল ম্যানেজার মিজানুর রহমান।

এর আগে সোমবার বিক্ষোভ করে ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। মঙ্গলবারও একটি দাবিতে তারা বিক্ষোভ করেন। পরে উপাচার্যের পদত্যাগের খবর পেয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন।

এদিকে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য ও প্রক্টরের পক্ষে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন। তবে বেলা ১২টার দিকে উপাচার্যের পদত্যাগের খবর পেয়ে তারা চলে গেছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য এবং অন্যরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে পত্রে উল্লেখ করেছেন।

২০২২ সালের ১৯ এপ্রিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেন মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। ২০২৩ সালের ৮ নভেম্বর তৎকালীন উপাচার্য ছাদেকুল আরেফিনের চার বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর উপাচার্যের রুটিন দায়িত্ব পালন শুরু করেন বদরুজ্জামান। 

পরে চলতি বছরের ৪ মার্চ বদরুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।