২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘উচ্চ স্বরে কথা বলায়’ ৯০ বছরের বৃদ্ধকে পিটিয়ে হত্যা

উচ্চ স্বরে কথা বলাকে কেন্দ্র করে ওই বৃদ্ধকে তার ভাতিজা মারধর করেন বলে জানান এলাকাবাসী।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2024, 03:42 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৯০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে বলে রৌমারী থানার ওসি গোলাম মর্তুজা জানান।

নিহতের নাম বছির উদ্দিন। আটক নুরে আলম সম্পর্কে তার ভাতিজা বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা বলছেন, বছির উচ্চ স্বরে কথা বলায় সকালে তার সঙ্গে কথা কাটাকাটি হয় নুরে আলমের। এ পর্যায়ে নুরে আলম তাকে কিল-ঘুষি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, “বৃদ্ধের প্রতিবেশী ভাতিজা নুরে আলমকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”