টাঙ্গাইলে ফাঁড়িতে আটক ব্যক্তির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা
একটি হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লেবু মিয়া নামের এই ব্যক্তিকে পুলিশ আটক করে বাঁশতৈল ফাঁড়িতে নিয়ে যায়।
টাঙ্গাইলের মির্জাপুরের একটি পুলিশ ফাঁড়িতে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক এক ব্যক্তি মারা গেছেন। পুলিশ বলছে তিনি আত্মহত্যা করেছেন।
মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের বলেন, “বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে সোমবার রাতে কোনো এক সময়ে হাজতের টয়লেটে গলায় রশি পেঁচিয়ে লেবু মিয়া আত্মহত্যা করেছেন।”
লেবু মিয়া (৫০) উপজেলার বাঁশতৈল গ্রামের বাহার উদ্দিনের ছেলে।
ওসি জানান, সোমবার বেলা ১২টার দিকে বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল পশ্চিমপাড়ায় ঘর থেকে সখিনা বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। রোববার রাতে ওই নারী বাড়িতে একা থাকার সুযোগে কে বা কারা তাকে শ্বাসরোধে হত্যা করেছে।
“এ ঘটনায় পুলিশ সখিনার সাবেক স্বামী বাঁশতৈল গ্রামের মফিজুর রহমান এবং লেবু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে রাতের কোনো এক সময় লেবু মিয়া ফাঁড়ির হাজতে আত্মহত্যা করেন।”
মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
