মাদারীপুরে ‘টাকা ছিনতাইয়ের সময়’ ৩ নারী আটক
মামলার পরে তিন নারীকে আদালতে পাঠানো হয় বলে পুলিশ জানায়।
মাদারীপুরের কালকিনিতে অর্ধ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিন নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়ে।
সোমবার দুপুরে কালকিনি থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- মোসা. পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা বেগম (২৩)।
তারা সবাই বরিশালের বিমানবন্দর থানা এলাকার রামপাড়াপট্টির বেদে সম্প্রদায়ের সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালকিনি থানার মোড় এলাকায় লন্ডন শপিং মলে কেনাকাটা করতে আসা এক নারীর টাকাসহ ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে নারী ছিনতাইকারী চক্রটি। আতঙ্কে চিৎকার শুরু করে ভুক্তভোগী।
বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে আটক করে পারভীন, শিল্পী ও নিপা নামে তিন নারীকে। পরে আটক তিনজনকেই পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
মাদারীপুরের কালকিনি থানার এসআই মো. বিল্লাল হোসেন বলেন, তিন নারীকে আটকের পর স্থানীয়রা পুলিশের হাতে হস্তান্তর করেছে। মামলা দায়েরের পরে তিনজনকে আদালতে পাঠানো হয়।
