বেনাপোল সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ
ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।”
যশোরের বেনাপোলের পুটখালি সীমান্তে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে; যাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে বিজিবি।
মঙ্গলবার বেলা ২টার দিকে সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে ইছমতি নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয় বলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান।
নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ বলেন, কে বা কারা ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর, লাশ ইছামতি নদীর তীরে তবি মোড়ল নামক এক ব্যক্তির আম বাগানে ফেলে রেখে যায়। তবে নিহত ব্যক্তি স্থানীয় নয় বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি সুমন ভক্ত জানান, বিজিবির কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে,৩-৪ দিন আগে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।”
