২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদিক আবদুল্লাহর বাসায় মারা যাওয়াদের একজন কাউন্সিলর লিটু

কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, “কাউন্সিলর লিটুর পরিবার লাশ শনাক্ত করেছে।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2024, 06:31 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

বরিশালে আওয়ামী লীগ নেতা সাদিক আবদুল্লাহর বাসায় দেওয়া আগুনে মারা যাওয়ার চারদিন পর সিটির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী নইমুল হোসেন লিটুর লাশ শনাক্ত হয়েছে। 

সোমবার রাত ৮টার দিকে বরিশাল নগরের কালিবাড়ী রোডের সেরনিয়াবাত ভবন থেকে অগ্নিদগ্ধ তিন লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

তাদের একজন নইমুল হোসেন লিটু (৫৫) নগরের নতুন বাজার এলাকার বাসিন্দা ও ভাষাসৈনিক প্রয়াত হোসেন আলীর ছেলে। 

নগরের নতুন বাজার পাবলিক স্কুলের সাবেক সহকারী শিক্ষক লিটু ১৯ নম্বর ওয়ার্ড থেকে টানা পাঁচ বারের নির্বাচিত কাউন্সিলর। 

সরকার পতনের দিন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবনে বেলা ৩টার দিকে আগুন দেন বিক্ষুব্ধরা। 

ফায়ার সার্ভিস আগুনে নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এলেও বিক্ষুব্ধদের বাধার মুখে ফিরে যায়। 

আগুনের পর রাতে ওই বাসা থেকে তিনজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। 

তিনটির মধ্যে নগরের নাজির মহল্লা এলাকার বাসিন্দা কাঞ্চন ফরাজীর ছেলে নুর ইসলাম নুরু (৪৫) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সঠিখোলা গ্রামের বাসিন্দা মজিবর রহমান জোমাদ্দারের ছেলে মঈন জোমাদ্দারের (৪৫) লাশ শনাক্ত হয়। একটি লাশের পরিচয় কেউ শনাক্ত করতে পারছিলেন না।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, “একটি লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় সোমবার রাত থেকে মর্গের হিমাগারের ছিল।” 

কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “কাউন্সিলর লিটুর পরিবার লাশ শনাক্ত করেছে। তাদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে।” 

কাউন্সিলর লিটুর ভাই গাজী মঞ্জুরুল হোসেন বরুণ বলেন, “ভাই সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবনে ছিল। ঘটনার পর আমরা যোগাযোগ করার চেষ্টা করেও তার খোঁজ পাইনি।”

বরুণ আরও বলেন, “আওয়ামী লীগের অন্য নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছেন, ভাই নিরাপদ রয়েছেন। কিন্তু শুক্রবার সকালে আওয়ামী লীগ সমর্থিত সব কাউন্সিলরের খোঁজ পেলেও একমাত্র ভাইয়ের কোনো খোঁজ ছিল না। খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করি। 

হাতে থাকা ব্রেসলেট, পকেটে থাকা আইফোন ও পায়ের ক্ষতয় থাকা ব্যান্ডেজ দেখে লাশ শনাক্ত করা হয় বলে জানান লিটুর ভাই বরুণ।