বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন পূর্ণ হবে না: ওবায়দুল কাদের
অক্টোবরের যেকোনো দিনে মধুমতী সেতু উদ্বোধন করা হবে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে ‘দিবাস্বপ্ন’ উল্লেখ করে তা কখনও পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে নড়াইলের লোহাগড়া ও গোপালগঞ্জের কাশিয়ানীর মধ্যে মধুমতী নদীর উপর নির্মিত ‘মধুমতী সেতু’ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। উচ্চ আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে। নির্বাচনকালীন সময়ে সরকার রুটিন দায়িত্ব পালন করবে।”
সকালে সড়কপথে সেতু পরিদর্শনে যান মন্ত্রী। পরে তিনি নড়াইলের-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে সঙ্গে নিয়ে সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
সেতুমন্ত্রী জানান, আগামী মাসের যেকোনো দিনে মধুমতী সেতু উদ্বোধন করা হবে। সেতুর উদ্বোধনের দিনক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেই জানিয়ে দেবেন।
ইতোমধ্যেই সেতুর সামারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং তিনি স্বাক্ষর করেছেন বলেও জানান মন্ত্রী।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই সেতুর নামকরণ করা হয়েছে মধুমতী সেতু। ৬৯০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণে ব্যয় হয়েছে ৯৫৯ কোটি ৮৫ লাখ টাকা।
মন্ত্রী বলেন, “পদ্মাসেতুর সুবিধা পেতে হলে মধুমতী সেতু নির্মাণ করতেই হতো।”
আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “পানি ঘোলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বিএনপি। তারা প্রতিদিনই নির্বাচনের নামে মিথ্যাচার করছে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।”
বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায় উল্লেখ করে সীমান্তে মিয়ানমারের গোলাবর্ষণ নিয়ে মন্ত্রী বলেন, “বাংলাদেশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এব্যাপারে যাদের সেখানে দায়িত্ব দেওয়া দরকার সেখানে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।”
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সড়ক ও জনপথ বিভাগের গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুরুজ মিয়া উপস্থিত ছিলেন।
