২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যা: ছিনতাইকারী গ্রেপ্তার, মোবাইল ফোন উদ্ধার

১২ ডিসেম্বর ভোরে নারায়ণগঞ্জে শহরে নিজ বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের পথে সীমান্তকে ছুরিকাঘাত করা হয় বলে জানায় পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 09:36 PM

Updated : 26 Aug 2026, 11:09 AM

নারায়ণগঞ্জ শহরে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের কাছ থেকে নিহতের মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এসব তথ্য জানান।

গ্রেপ্তার অনিক (২৮) নগরীর সুকুমপট্টি এলাকার নয়নের ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও মাদকসহ অন্তত আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ১২ ডিসেম্বর ভোরে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সীমান্ত তার দেওভোগের বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। 

ভোর ৬টার দিকে বাড়ির পাশের ডিআইটি আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে ২০ বছর বয়সি সীমান্তকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও এক হাজার ৮০০ টাকা লুট করা হয়।

গুরুতর সীমান্তকে প্রথমে নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুই দিন পর শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় সীমান্তের বাবা হাজী আলম চান অজ্ঞাতপরিচয়দের আসামিকে করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন বলে জানান পুলিশ সুপার প্রত্যুষ কুমার।

পরে পুলিশ অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে সীমান্তের মোবাইল ফোন এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালছে বলে জানান জেলা পুলিশ সুপার।

এদিকে সকালে সীমান্ত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শহরের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শহরে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।