২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমে উঠছে জাকসু নির্বাচনের প্রচার, প্রার্থীদের নানা প্রতিশ্রুতি

প্রচারের একপর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধনের ডাক আসলে মানববন্ধনের উদ্দেশে ছুটে যান প্রার্থী ও ভোটাররা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 09:16 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

ঘড়ির কাঁটায় তখন বিকাল ৩টা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র ‘ছবিচত্বর’। যেখানে সাধারণত ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া দোতলা বাসের জন্য শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা যায়। কিংবা বিদায়বেলায় প্রিয়জনদের সঙ্গে গল্পে মেতে উঠতে দেখা যায়।

রোববার সেই চত্বরে যেন এক নতুন প্রাণ ফিরে এসেছে। কারণ, জাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখানে চলছে জমজমাট প্রচার আর আড্ডা।

দীর্ঘদিন পর জাকসু নির্বাচন হতে যাচ্ছে। আর তার উত্তাপ এসে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণায়। তবে ছবিচত্বরের দৃশ্যটা ছিল একেবারেই অন্যরকম। 

এখানে প্রার্থীদের দেখা গেছে, বিশেষ করে ঢাকা থেকে আসা-যাওয়া করা শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হতে। প্রার্থীরা নিজেরাই ছুটে এসেছেন ভোটারদের কাছে। আর শিক্ষার্থীরাও আগ্রহ নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন, নিজেদের প্রত্যাশা জানাচ্ছেন।

বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেল, এভাবে প্রার্থীদের ভোট প্রার্থনার বিষয়টি তাদের ভাল লাগছে। 

একজন বলেন, “আমরা যারা ঢাকা থেকে আসা-যাওয়া করি, প্রার্থীরা আমাদের কাছে এসেছেন। আমরা খুব উপভোগ করছি।"

নির্বাচনি প্রচারে থাকা জাকসুর সহসমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী কাজী মেহরাব তূর্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা শিক্ষার্থী বাদে সবার জন্য অনেক বেশি উন্নত। যখন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যাই, সিট চলে যাওয়ার ভয়ে তারা বাসে উঠে যায়। বাসে যদি ৮০ জনের সিট থাকে, সেখানে মানুষ থাকে ১৫০ জন। শিক্ষকদের জন্য এসি গাড়ির ব্যবস্থা থাকলেও শিক্ষার্থীরা ধাক্কাধাক্কি আর গাদাগাদি করে তাদের দীর্ঘ পথ পাড়ি দেয়। শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদে পরিবহন সেবার সংস্কার প্রয়োজন।”

কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক (পুরুষ) পদের প্রার্থী সজীব আহমেদ জেনিচ বলেন, “আমরা শিক্ষার্থীদের মাঝে জাকসু নিয়ে ব্যাপক আগ্রহ-উদ্দীপনা দেখতে পাচ্ছি। তারা আমাদের কথা শুনছেন, প্রশ্ন করছেন। আমরা তাদের নিয়ে ক্যাম্পাসের গণতান্ত্রিক লড়াই করার এবং মৌলিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছি। আশা করছি, জাকসু নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হবে।”

সকাল থেকেই ক্লাস আর পরীক্ষার ফাঁকে ফাঁকে প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। ছাত্রশিবির মনোনীত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের কয়েকজন সদস্যকেও বিভাগগুলোতে গিয়ে প্রচার করতে দেখা যায়। স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই।

শিক্ষা ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী শেখ লোকমান গালিব বলেন, “সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে, যেন প্রতিটি পদে এমন প্রার্থী নির্বাচিত হয় যে যোগ্যতার পাশাপাশি শিক্ষার্থীদের কথাও ভাবতে পারে। ভোটারদের ভোট দেওয়া সহজ ও আনন্দদায়ক করতে পারলে এবং যোগ্য প্রার্থীরা বিজয়ী হলে অবশ্যই তাদের প্রত্যাশা পূরণ সম্ভব।”

তবে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন গালিব। ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত আছে। কিন্তু প্রচারের বাকি সময় যেন থাকে সে ব্যাপারে সবসময় শঙ্কিত থাকতে হচ্ছে। এই শঙ্কা প্রশাসন কমাতে পারেনি।”

চবির ঘটনার প্রতিবাদ

প্রচারের একপর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধনের ডাক আসলে মানববন্ধনের উদ্দেশে ছুটে যান প্রার্থী ও ভোটাররা।

এরপর বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (ডেইরি গেট) সামনে শিক্ষার্থীদের পাশাপাশি মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

মানববন্ধনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার অফিস ও প্রচার সম্পাদক এবং জাকসুতে জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেন, “আমরা দেখতে পাচ্ছি, জুলাই আন্দোলনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এক শ্রেণির যে ক্ষোভ, সেই ক্ষোভের আগুনে এখনো তারা দাউদাউ করে জ্বলছে। জুলাই আন্দোলনে আমরা শিক্ষার্থীরা যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছি তাদের প্রতি এই ক্ষোভের অবসানের জন্য ইন্টেরিমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা শুনেছি একজন নারী শিক্ষার্থী বাসায় ঢোকা নিয়ে দারোয়ানের সঙ্গে মতানৈক্য হওয়ায় তার বন্ধুরা তাকে রক্ষা করতে গেলে স্থানীয়রা সেই নারীর ওপর আক্রমণ চালায় এবং এখনও সেই আক্রমণ চলছে। সেনাবাহিনী, পুলিশসহ কেউই সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে আহত হচ্ছেন। আমরা ইন্টেরিমকে বলে দিতে চাই, আমরা যারা রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছি তাদের রক্তের সঙ্গে কোনোভাবেই আপস করা যাবে না। আপনারা যদি এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হন তাহলে আমরাও এর উত্তম প্রতিদান দিতে বাধ্য হব।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব এবং জাকসুর সাধারণ সম্পাদক পদপ্রার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে সেই হামলার দায় এই ইন্টেরিম ও সেনাবাহিনীকে নিতে হবে।” 

সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হুশিয়ার করে তিনি বলেন, ওয়াকার কি আমাদের মেসেজ দিতে চায় যে তাদের ছাড়া আমরা নিরুপায়? আমরা ওয়াকারকে মেসেজ দিতে চাই, যে আপনারাই নিরুপায়। বাংলাদেশের জনগণ যদি আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে আপনারা হাসিনার মত পালাতে পারবেন না। আমরা সেই জায়গা থেকে ইন্টেরিমকে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বসে থাকা সেনাবাহিনীকে হুশিয়ারি দিয়ে বলে যেতে চাই, অতিদ্রুত চট্টগ্রামে থাকা আমাদের সহযোদ্ধাদের আপনারা রক্ষা করুন, নয়তো এই বাংলাদেশে আবারো জুলাই নেমে আসবে।"

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক ও জাকসুর যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী সোহাগী সামিয়া বলেন, “

গণঅভ্যুত্থানের এক বছর পরে আমরা ছাত্রলীগকে দেখতে না পেলেও, তাদের মতো কালচার ধারণ করে এমন অসংখ্য মানুষকে আমরা সারা দেশজুড়ে দেখতে পাচ্ছি। যেখানে ইচ্ছা সেখানে মব ক্রিয়েট করে নারীদের এবং অন্যান্যদের উপর হামলা করা হচ্ছে। মানুষের সহনশীলতার জায়গা কমেছে। একই সাথে মানুষের উগ্রবাদের যে জায়গা, উগ্রবাদী মনোভাব তা বৃদ্ধি পেয়েছে। 

“যেখানে যত রকমের মব সন্ত্রাস হচ্ছে সেখানে সুনির্দিষ্ট কোনো বিচার হচ্ছে না। যার ফলে আমরা দেখলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একদল মানুষ মাইকে ঘোষণা করে শিক্ষার্থীদের উপর হামলা করলো। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”