২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে শিক্ষার্থী হত্যা: শেখ হাসিনাসহ ২২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

সরকার পতনের একদিন আগে ৪ অগাস্ট ফেনীর মহিপালে গুলিবিদ্ধ হন মাহবুবুল হাসান মাসুম, ৭ অগাস্ট তিনি মারা যান।

ফেনীতে শিক্ষার্থী হত্যা: শেখ হাসিনাসহ ২২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
ফেনীর ছাগলনাইয়া উপজেলার আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 05:47 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই আলমগীর হোসেন জিআরও কোর্টে মাসুম (২৫) হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেছেন। 

মামলায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ২২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। 

দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার।

মাহবুবুল হাসান মাসুম ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের তোরাব পাটোয়ারী বাড়ির মৃত মাওলানা নোমান হাসানের ছেলে। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ থেকে বাংলায় স্নাতক সম্পন্ন করেছিলেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর হোসেন বলেন, অভিযোগপত্রটি জিআরও কোর্টের দাপ্তরিক কার্যক্রম শেষে রোববার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদের (সদর আমলি) আদালতে যাবে। 

তিনি বলেন, এ মামলায় ৩০ জুলাই পর্যন্ত এজাহারনামীয় ১২ জন এবং তদন্তে প্রাপ্ত ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মুরাদ হাসান বাবুসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার বরাতে পুলিশ জানায়, সরকার পতনের একদিন আগে ৪ অগাস্ট ফেনীর মহিপালে এক দফা দাবির অসহযোগের যোগ দেন মাহবুবুল হাসান মাসুম। ওইদিন দুপুরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সশস্ত্র হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মাসুম। তাকে প্রথমে ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সরকার পতনের তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় ৭ অগাস্ট মারা যান মাসুম। 

এ ঘটনায় ৪ সেপ্টেম্বর নিহতের বড় ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান ১৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, দাগনভূঞা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে কোট খোকন, ছাগলনাইয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, সাবেক সাংসদ নিজাম হাজারীর ব্যক্তিগত সহকারি ও যুবলীগ নেতা ফরিদ মানিক ওরফে পিএস মানিক, যুবলীগ নেতা সাইফুল ইসলাম পিটু, ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিন বাবলু। 

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে আওয়ামী সন্ত্রাসীদের নির্বিচারে গুলিবর্ষণে সাতজন নিহত হয়। ওই ঘটনায় সাতটি হত্যা মামলা ছাড়াও হত্যাচেষ্টার আরও ১৫টি মামলা করা হয়েছে। এসব মামলায় দুই হাজার ১৯৯ জন এজহারনামীয় আসামি এবং চার হাজার অজ্ঞাত আসামি রয়েছে। এখন পর্যন্ত সহস্রাধিক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) তসলিম হোসেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মোমিদ রায়হান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা, ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান ও তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে অভিযোগপত্র দাখিলের বিষয়ে জানতে চাইলে মামলার বাদী মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আমার ভাই মাথায় গুলি খেয়ে তিন দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যায়। দ্রুত সময়ের মধ্যে আসামিদের বিচারের আওতায় আনতে রাষ্ট্রের কাছে দাবি জানাই। আমার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”