Published : 14 Jun 2026, 10:07 PM
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট-আইসিইউ উদ্বোধন করা হয়েছে।
তবে উদ্বোধনের পরেই দেখা যায়, আইসিইউ ইউনিটের ১০টি শ্বাস-প্রশ্বাস সহায়ক যন্ত্রের (ভেন্টিলেটর) মধ্যে মাত্র একটি সচল রয়েছে।
বাকি নয়টি কারিগরি ত্রুটির কারণে অকেজো অবস্থায় রয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস।
তিনি বলেন, “২০২০ সালে আইসিইউ ইউনিটের সরঞ্জাম ক্রয় করা হয়। বর্তমানে ১০টি ভেন্টিলেটরের মধ্যে মাত্র একটি সচল রয়েছে। তবে আইসিইউ বেড, মনিটরসহ অন্যান্য যন্ত্রপাতি ঠিকঠাক আছে। অকেজো ভেন্টিলেটরগুলো মেরামতের জন্য প্রকৌশল বিভাগের কাছে পাঠানো হয়েছে।”
রোববার দুপুরে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ১০টি জেলার ১০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করেন।
একই সঙ্গে নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, যশোর, শেরপুর, মাদারীপুর ও বাগেরহাট জেলার হাসপাতালগুলোতে এই আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়।
গোপালগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবর, সিভিল সার্জন আবু সাইদ মো. ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম রিহাব ইনাম।
উদ্বোধন শেষে সংসদ সদস্য কে এম বাবর বলেন, “২০২০ সালে বরাদ্দ পাওয়া ভেন্টিলেটরগুলো দীর্ঘদিন ব্যবহার হয়নি। এগুলো নিম্নমানের হওয়ায় অধিকাংশই অকেজো হয়ে পড়েছে।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস বলেন, আইসিইউ ইউনিট চালুর জন্য প্রয়োজনীয় জনবল সংকট রয়েছে। জনবল বৃদ্ধি এবং যন্ত্রপাতি সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সিভিল সার্জন আবু সাইদ মো. ফারুক বলেন, দেশের ১০ জেলায় একযোগে আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়েছে। গোপালগঞ্জে ১০টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছে। যন্ত্রগুলোর কারিগরি সমস্যা সমাধানে কাজ চলছে এবং দ্রুত এগুলো সচল করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।