‘নেশার টাকা না পেয়ে’ মাকে পিটিয়ে হত্যা, আটক ছেলে
“এক পর্যায়ে বাড়ির পাশে পড়ে থাকা একটি গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন নাদিম।”
খুলনার রূপসা উপজেলায় এক নারীকে গাছের ডাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে রূপসা থানার আইচগাতি পুলিশ ক্যাম্পের এসআই মো. উজ্বল হোসেন জানিয়েছেন।
নিহত ৫০ বছর বয়সী মিম্মি বেগম ওই এলাকার হামিদুল ইসলামের স্ত্রী। তার ৩০ বছর বয়সী ছেলে নাদিম ইসলামকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাতে এসআই উজ্বল বলেন, “নাদিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই মায়ের কাছ থেকে টাকা নিতেন। সকালে নেশার টাকার চাইলে মা মিম্মি বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে বাড়ির পাশে পড়ে থাকা একটি গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন নাদিম। এতে মিম্মি বেগম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।”
পরে স্থানীয়রা আইচগাতি ক্যাম্পে খবর দিলে সকাল পৌনে ৯টার দিকে পুলিশ গিয়ে নাদিমকে আটক করে বলে জানান তিনি।
নিহতের মেয়ে শিলা বলেন, “আমার মা বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল; কিন্তু কেউ এগিয়ে আসেনি।”
রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, “প্রাথমিকভাবে আমরা খবর পাই, ছেলে মাকে পিটিয়ে হত্যা করেছে। ছেলেকে আটক করা হয়েছে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশার টাকার বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।”
আটক নাদিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
