২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় নারী ও শিশু নির্যাতন মামলা বাড়ছে, এপ্রিলেই ৫১টি

এপ্রিল মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে আটটি। তবে এ মাসে কমেছে ডাকাতি ও চুরি।

কুমিল্লায় নারী ও শিশু নির্যাতন মামলা বাড়ছে, এপ্রিলেই ৫১টি
কুমিল্লা জেলা আইন-শৃংখলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 11:12 AM

Updated : 10 Sep 2026, 12:41 PM

নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পরিমাণ বাড়ছে কুমিল্লায়। এসব অপরাধে মার্চে জেলায় ৩৮টি মামলা হলেও এপ্রিলে হয়েছে ৫১টি। আর ফেব্রুয়ারিতে এ আইনে মামলা হয়েছিল ৩১টি।

এছাড়া জেলায় খুন ও চাঁদাবাজির ঘটনায় করা মামলাও বৃদ্ধি পেয়েছে বলে জেলা আইন-শৃংখলা কমিটির সভা থেকে তথ্য পাওয়া গেছে। 

সভায় উত্থাপিত অপরাধ বিবরণী সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন অপরাধের ঘটনায় মার্চ মাসের চেয়ে এপ্রিল মাসে ১৩টি মামলা বেশি হয়েছে। এপ্রিলের মামলাগুলোর মধ্যে ১৭টিই ধর্ষণের অভিযোগে করা হয়েছে। এপ্রিল মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে ৮টি। তবে  এ মাসে কমেছে ডাকাতি ও চুরি। 

সোমবার কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. আমিরুল কায়ছারের সভাপতিত্বে আইন-শৃংখলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কমিটির অন্যান্য সদস্য অংশ নেন। 

নারী ও শিশু নির্যাতন মামলা বৃদ্ধির কারণ হিসেবে জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, অপরাধচিত্র সবসময় একই থাকে না। কখনো অপরাধ বেশি হয়, কখনো মামলার সংখ্যা বেশি হয়। এমনও হতে পারে মানুষ এখন আইনের আশ্রয় নিচ্ছে বেশি, এ কারণে মামলার সংখ্যাও বাড়ছে। 

“তার মানে এই নয় যে এ ধরনের অপরাধ হচ্ছে না। তারপরও যেহেতু ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিচ্ছে- তাহলে বলা যায়, আইনশৃঙ্খলা ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়ছে।”

আইনশৃঙ্খলাবাহিনী এগুলো তদন্ত করে ব্যবস্থা নিবে বলে আশার কথাও জানান জেলা প্রশাসক। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, “নারী ও শিশু নির্যাতনের বিষয়ে আমরা সচেতন আছি। আগে এমন অপরাধ ঘটলে মানুষ স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করতো। কিন্তু এখন আমরা তা হতে দিচ্ছি না।

“অনেক সময় দেখা যায় বাদী পক্ষ অভিযোগ করে না, কিন্তু আমরা যেভাবেই জানি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেই। প্রত্যেকটা বিষয়ে আমরা জানার চেষ্টা করছি এবং মামলা নিচ্ছি। যে কারণে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।” 

কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি বদিউল আলম সুজন বলেন, “নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ বাড়ছে। ধর্ষণ একটি মারাত্মক অপরাধ। সেটির বিষয়েও সম্প্রতি ব্যাপক খবর আসছে। তাই মামলা বৃদ্ধি পাচ্ছে। 

“তবে এ বিষয়টিকে দুই ভাবে দেখা যায়। যেমন আগে বিভিন্ন এলাকায় ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠলে রফা-দফা হয়ে যেত কিংবা প্রভাব প্রতিপত্তির কারণে থানায় আসতো না। কিন্তু এখন মানুষ ভুক্তভোগী হলেই থানায় কিংবা আদালতে এসে মামলা করছে।” 

অর্থাৎ অপরাধের সঙ্গে সঙ্গে আইনের আশ্রয় নেওয়ার হার বাড়ছে বলে জানান এই আইনজীবী।  

সভার অপরাধ বিবরণী থেকে আরও জানা গেছে, পুলিশ ও র‌্যাবের অভিযানে এপ্রিল মাসে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে জেলা পুলিশ তিনটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি শটগান, ১৪টি গুলি, তিনটি ম্যাগজিন, ছয়টি ছুরি, তিনটি কিরিচ, তিনটি চাইনিজ কুড়াল এবং একটি করে সুইচগিয়ার, চাকু, তলোয়ার, চাপাতি ও ছেনি উদ্ধার করেছে। 

এছাড়াও র‌্যাব-১১ একটি বিদেশি রাইফেল, একটি বিদেশি শটগান, একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, ২টি ম্যাগাজিন ও ১২টি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। 

গত মাসে জেলার বিভিন্ন স্থানে একশ ৩৬টি মোবাইল কোর্ট পরিচালনার ঘটনায় দুইশ ৩৭টি মামলাসহ দুই লাখ ২৩ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। একটি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ এবং সাতটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়াও ড্রেজার ব্যবসায়ীদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৩২টি অভিযানে ২৯টি মামলা করে ২১ লাখ ৮০হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, সভায় এসব বিষয় পর্যালোচনা করে আইনশৃংখলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে আরও সতর্ক থাকার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনশৃংখলা কমিটি। 

এছাড়া সভা থেকে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে তৎপরতা বাড়ানো, কৃষি জমি রক্ষায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান এবং অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।